শংকর দেবনাথের কবিতা

পড়বো ছড়ার বই





পড়তে পারি অ আ ক খ
পড়তে পারি ছড়াও,
মিথ্যে তবু আমায় কেন
বদনামেতে জড়াও?


লিখতে কি আর সবাই পারে?
একটু ভাবো মাগো,
বৃষ্টিও তো পড়তে পারে
লিখতে পারে না গো।


চোখের জলও শুধুই পড়ে
কিচ্ছু লেখে না সে,
গাছের পাতা হাওয়ায় পড়ে
শিশির পড়ে ঘাসে।


শীত পড়ে আর গরম পড়ে
ইচ্ছে খুশি মত,
লিখতে ভালো পারিনে তাই
আমারই দোষ যত।


ঘুমিয়ে পড়ে, জেগেও পড়ে,
পড়ে খাটের থেকে,
অ আ ক খ সত্যি বলো,
ওরা কি কেউ লেখে?


ইচ্ছে মত যাচ্ছে পড়ে,
লিখছে সবাই কই!
লিখবো না মা, আমি কেবল
পড়বো ছড়ার বই।

Comments

Popular posts from this blog

তারেক অণু