বোকা শৈশব - ৪
অন্য স্কুলে ক্লাস করা হারুন রশীদ শৈশবের তৃতীয় বোকামি। ক্লাস থ্রিতে ওঠার পর আমি একা একা স্কুলে যেতে শুরু করি। নিজের ক্লাসে বসে ক্লাস করার চেষ্টা করি। সেই সময় আমার সাথে বন্ধুত্ব হলো আমাদের এক প্রতিবেশী ছেলের সাথে। মাহফুজ নাম তার। ওর বাবা আমার বাবার বন্ধু ছিলেন। মাহফুজ পড়তো ক্লাস ফোরে। তবে অন্য একটা স্কুলে। আমি আগ্রাবাদ কলোনী স্কুলে, সে পড়তো পাশের টিএণ্ডটি কলোনী স্কুলে। সে বলতো তাদের স্কুলে নাকি অনেক মজা। ইচ্ছে মতো ক্লাসে আসা যাওয়া করা যায়। কেউ বারণ করে না। টিচারেরা বকা দেয় না। ওদের স্কুলে ক্লাস নেন আপা। আপা খুব ভালো। কখনো বেত মারেন না। তখনো আমি জানতাম না স্কুলের মহিলা শিক্ষকদের আপা বলে ডাকে। আমি বোকার মতো বিশ্বাস করলাম যে আপা হলেন মাহফুজের বড় বোন, তিনি ওই স্কুলের শিক্ষক। তাই এত স্বাধীনতা। আমার স্কুল আতংকের পেছনে সবচেয়ে বড় কারণ ছিল বেত হাতে মাস্টার। আমাদের স্কুলের সব শিক্ষক ক্লাসে আসতেন চিকন একটা বেত হাতে নিয়ে। সেই বেতের ব্যবহারও হতো সময় সময়। আমি নিজে কখনো বেত্রাঘাতের শিকার না হলেও আতঙ্কটা ছিল পুরোদমে। মাহফুজ একদিন আমাকে প্রস্তাব দিলো তাদের স্কুলে ক্লাস করার জন্য। নতুন একটা অভিজ্ঞতা দ...