সোফি পারোভি রেইনের গল্প

দু’টি বিড়ালের অভিযান—৪ (শেষ পর্ব) 



জেলে তার বন্ধুকে বলল, “আজকে ঝুড়িটা কেমন ভারী ভারী লাগছে।“
তার বন্ধু বলল, “ আজ মনে হয় বেশি মাছ পেয়েছিস তুই। কথা না বলে তাড়াতাড়ি বাজারে চল! দেরী হয়ে গেলে সব মানুষ চলে যাবে।“

নীল-বাজার পৌছে যেই জেলে ঝুড়িটা খুললো অমনি দৌড় দিলো মিল্কি। জেলে চিৎকার করে উঠলো। সে ভেবেছে বিড়াল সব মাছ খেয়ে ফেলেছে। বাজারে বিড়ালের পেছনে সবাই ছোটাছুটি শুরু করলো। বাজারে লাগলো তুলকালাম কাণ্ড। মিল্কি ছুটতে ছুটতে এসে পৌঁছালো নীল-বাজার আবাসিক এলাকায়। হাঁটতে হাঁটতে মিল্কি তার হারানো মা’কে দেখতে পেলো। সে গিয়ে মা’কে জড়িয়ে ধরলো।

মা বলল,” কী রে তুই! তুই এখানে কীভাবে এলি?”

মিল্কি সব খুলে বললো প্রিয় মা’কে।

মা মিল্কিকে বলল,” আমি তোদের রেখে পালিয়ে যাইনি কিন্তু! আমি বারান্দা দিয়ে নিচে পড়ে গিয়েছিলাম। আমি আর বাসার উপরে উঠতে পারিনি। বাসার নিচে অনেকক্ষণ বসে ছিলাম যাতে কেউ আমাকে দেখে। কিন্তু কেউ এলো না। তাই এখানে ঘুরে বেড়াই।“

মিল্কি বলল,” চলো মা বাসায় যাই। তুমি আমাকে বাসার সামনে নিয়ে চলো।“

মিল্কি আর তার মা বাসার নিচে বসে থাকে। কিছুক্ষণ পড়ে দেখে খালা বাসায় ঢুকছে। অমনি তারা মিয়াও মিয়াও করে ডাকতে থাকে। খালা তাদের দেখে খুব খুশি হয়।

এইদিকে টমি গন্ধ শুকতে শুকতে পুকুর পাড়, বাজার হয়ে আবার বাসায় ফিরে আসে।

সিল্কি টমিকে বলে,” তুমি আবার আমাদের বাসায় নিয়ে এলে?”

টমি বলল,” কিন্তু গন্ধ যেদিক দিয়ে গেছে আমি সেদিকেই গেছি। এখন এটা তো এখানেই এসেছে, আমি কী করবো!”

দূর থেকে লিলি সিল্কি, জিনজার আর টমিকে দেখতে পেলো। দৌড়ে এসে সে সিল্কি আর জিনজারকে কোলে তুলে নিলো। আজ প্রথম সিল্কি বুঝতে পারে লিলি তাদের কত ভালবাসে।

লিলি তাদের সবাইকে নিয়ে বাসায় ঢুকলো। বাসায় ঢুকে সে মিল্কিকে দেখতে পেলো। সে বুঝতে পারে জিনজার আসলে অন্য বিড়াল। সে জিনজারকে মিল্কি ভেবেছিল। সিল্কি মিল্কিকে দেখে খুব খুশি হয়। সাথে দেখে মা’কেও। খুশিতে সে লাফালাফি শুরু করে দেয়। টমি, জিনজার, মিল্কি, সিল্কি, মা বিড়াল সবাই লাফাতে থাকে।

লিলি খালাকে জিজ্ঞেস করলো,” মিল্কিকে কই পেলে খালা?”

খালা বললো, “ বাজার থেকে এই বোয়াল মাছটা কিনে বাসায় ফিরছিলাম। তাদের খুঁজতে গিয়ে যখন তাদের পেলাম না দেখি এই তাজা বোয়াল মাছটা বিক্রি হচ্ছে। খালাম্মার কথা ভেবে মাছটা নিয়ে বাসার নিচে এসে দেখি মা আর মেয়ে বসে মিয়াও মিয়াও করছে। ওদের নিয়ে এলাম।

মিল্কি বিলু ভাইকে দেখে চিনতে পারলো, বলল,

“ বিলু ভাই, তুমি!”

বোয়াল মাছটা বলল, "তুমি যাওয়ার পর একটা জেলে আমাকে ধরে ফেলে আর বাজারে এনে বিক্রি করে দেয়।"

মিল্কির অঙ্গভঙ্গি দেখে লিলি বুঝতে পারে মাছটা মিল্কির বন্ধু। তাই তাকে একটা বড় পাত্রে পানি দিয়ে রেখে দেয়। লিলি বাসার সবাইকে বলে,

"আজ থেকে আমরা এই বোয়াল মাছটা পালবো।"

সবাই খুব খুশি। লিলির আদরে সিল্কি, মিল্কি আর তাদের মায়ের আনন্দে দিন কাটতে থাকে। টমি আর জিনজার প্রতিদিন সকালে খাবার খেতে আসে। খালা তাদের খাবার দেয়। মিল্কি আর সিল্কি বিলু ভাইয়ের সাথেও খেলে। সবাই তারা একসাথে খেলে আর আনন্দে দিন কাটাতে থাকে। লিলিও তাদের সাথে খুব আনন্দে সময় কাটায়, তার বন্ধুদের তাদের গল্প বলে।

প্রথম পর্ব
তৃতীয় পর্ব


[সমাপ্ত]

Comments

  1. খুব সুন্দর সমাপ্তি। 😃

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

তারেক অণু